দাবি জানিয়েও হয়নি সংস্কার, প্রতিবাদে বেহাল সড়কে ধান রোপণ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:২০ পিএম

পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের তালিমনগর-নতুনপাড়া রাস্তার বেহাল দশার প্রতিবাদে ও সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী।

বুধবার সকালে ভুক্তভোগী গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, জেলার বেড়া উপজেলাধীন মাসুমদিয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ তালিম নগর– নতুনপাড়া সড়ক।

প্রায় ৩০ বছর আগে সড়কটি নির্মিত হলেও উন্নয়ন কাজ না হওয়ায় দিনে দিনে রাস্তাটি বেহাল অবস্থা হয়েছে। বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।

নতুনপাড়া গ্রামের ইসমাইল শেখ জানান, খানাখন্দে ভরা এই সড়কেই তালিম নগর কমিউনিটি ক্লিনিক, তালিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত সাধারণ গ্রামবাসীর পাশাপাশি অসুস্থ রোগী, স্কুলের শিক্ষার্থীদের কাদামাটিতে ভিজে যাতায়াত করতে হয়। বর্ষায় টানা বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে।

একই গ্রামের বৃদ্ধ আবুল হোসেন বলেন, এই একমাত্র পথ ধরেই গ্রামের মানুষকে ধান, পাটসহ কৃষিপণ্য হাটে নিতে হয়। শুকনো মৌসুমে খানাখন্দ আর বর্ষায় কাদাপানিতে ডুবে থাকায় কোন ভ্যানগাড়ি এ পথে আসতে চায় না।

গরু মহিষের গাড়িও কাদায় আটকে যায়। রাস্তাটি ঠিক করে দিতে বার বার দাবি জানিয়েও কাজ হয়নি। তাই রাগে ক্ষোভে গ্রামের মানুষ রাস্তার কাদায় ধান বুনে দিয়েছে। আমরা দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি।

তবে, সড়কটি সংস্কার ও পাকা করণে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন।

তিনি বলেন, পাবনা-বগুড়া প্রকল্পের অধীনে তালিমনগর-নতুন পাড়া রাস্তার বেশিরভাগ অংশই পাকাকরণ হয়েছে। যে অল্প কিছু অংশ বাকি রয়েছে তাও পাকাকরণের উদ্যোগ নেয়া হয়েছে। করোনায় টেন্ডার প্রক্রিয়া আটকে যাওয়ায় কাজে দেরি হচ্ছে।

গত কয়েকদিন ভারী বর্ষণের কারণে সব জায়গাতেই মাটির রাস্তায় সমস্যা হচ্ছে। মৌসুমী বৃষ্টি কমলেই রাস্তায় মেরামত এর কাজ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত