বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কর্মচারী আতিকুর রহমান খানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম। গতকাল বৃহস্পতিবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিমউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
এতে বলা হয়, ‘দুর্নীতিগ্রস্ত তৃতীয় শ্রেণির কর্মচারী আতিকুর রহমান খান ২০০৪ সাল থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির অবৈধ ভর্তি ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটের সঙ্গে জড়িত হয়ে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে। তার নামে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে ৯৭টি হিসাব রয়েছে এবং ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এসব হিসাবে ১১০ কোটি টাকার লেনদেন রয়েছে। আতিক স্কুলটির সব ধরনের অনিয়ম, অবৈধ কর্মকাণ্ড ও দুর্নীতির সঙ্গে জড়িত।’ আতিকুর রহমান খানের বিরুদ্ধে মামলা রুজু করে দ্রুত গ্রেপ্তার করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়। আতিক যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও দাবি জানানো হয়।
বিবৃতিতে দুর্নীতিগ্রস্ত কর্মচারী আতিকের পৃষ্ঠপোষক ও ওই স্কুলের দুর্নীতির সিন্ডিকেটের সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান ফেরামের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
