ভারত থেকে আরো ১৮২ মেট্রিক টন তরল অক্সিজেন (এলএমও) নিয়ে ৫ম চালান ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার রাত ১টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। শুক্রবার সকাল ৭টার দিকে শুরু হয় ট্রেন থেকে ট্যাংকলরিতে অক্সিজেন খালাস কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বলেন, এবার ১৮২ মেট্রিক টন অক্সিজেন এসেছে।
এ সময় তিনি আরো জানান, ভারত থেকে রেলপথে এপর্যন্ত মোট ৯৮২ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসা হলো।
তিনি জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এ খালাস কার্যক্রম চলবে। ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শেষ হলে সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। সেখানে নেয়ার পর প্রক্রিয়াকরণ শেষে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ভারত থেকে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই এবং ১আগস্ট ২০০ মেট্রিক টন করে ৪ চার ধাপে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ১৮২ মেট্রিক টন অক্সিজেন এসে পৌঁছার পর শুক্রবার সকাল থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়।
