চার মাস পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে স্বাস্থ্য সেবা মেনে মুখে মাস্ক পরে এবং কমসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
রিজভী বলেন, গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর বছর পেরিয়ে গেলেও সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ নেই। করোনার টিকা নিয়েও সরকার নাটক করছে। একেক সময় একেক কথা বলছে। শুক্রবার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (৬ আগস্ট) কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের এসব বলেন রিজভী।
গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে গত জুন মাসে বাসায় ফেরেন রিজভী। বাসাতেই তিনি চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। টানা চার মাসের বেশি সময়ে রাজনীতি থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন তিনি।
রিজভী আরো বলেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কতো নাটক হয়েছে এবং কতো নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নেই যে সেটা তারা করছেন না। প্রথমে সরকার বলল, সাত দিন গণ টিকা দেওয়া হবে। পরে বলছে, একদিন গণ টিকা দেব। কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই। কারণ সরকার যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নেই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবরাহ, না আছে কোনো ওষুধপত্র’।
রিজভী অভিযোগ করেন, ‘কী পরিস্থিতির মধ্যে মানুষ যাচ্ছে। একটা সিন্ডিকেট করোনা সংক্রান্ত সমস্ত কেনাকাটায় মাতবরি করছে এবং এই যে অনিয়ম-দুর্নীতি-পঙ্কিলতার মধ্যে গোটা সিস্টেমটাকে, সমস্ত হেলথ কেয়ার সিস্টেমটাকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে’?
ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে করোনা রোগীর পাশে দাঁড়াতে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালাচ্ছে বলে জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টায় রিজভী ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নেতারা ফাতেহা পাঠ করে প্রয়াত নেতার আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমুখ।
