চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৮:৫৪ পিএম

চাঁদাবাজির মামলায় যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলা শহরের মধুমতি প্রাইভেট হাসপাতালে সদ্যোজাত কন্যা ও প্রসূতি স্ত্রীকে দেখতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

শামীম রেজা গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

শামীম রেজার ছোটভাই ছাত্রলীগ নেতা ফয়সাল রানা বলেন, শুক্রবার শহরের মধুমতি প্রাইভেট ক্লিনিকে তার ভাবি সিজারে কন্যা সন্তানের জন্ম দেন। ভাই সেখানেই ছিলেন।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে পুলিশ হাসপাতালে গিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যান।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শহরের ফুডল্যান্ড নামে একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ তার নামে একটি চাঁদাবাজি মামলা করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে আদালত দুপুর ১টা পর্যন্ত চলছে। এজন্য রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

তবে শামীম রেজার বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু দাবি করেন, এটি একটি সাজানো মামলা।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যশোর জেলার সকল হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তাহলে ওই রেস্টুরেন্টটি খুললো কীভাবে? আর আমার ছেলে সেখানে চাঁদাবাজিই বা করলো কীভাবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত