ফেনী হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১:৫৮ পিএম

ফেনী জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের সুরক্ষায় কেন্দ্রীয়ভাবে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। এটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই ব্যবস্থার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন হাজারী। এর মাধ্যমে হাসপাতালের ২৫০ শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

এ উপলক্ষে হাসপাতাল কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার। আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউনিসেফের অর্থায়নে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার লাইন স্থাপন করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বলেন, রোগীর চাপ বাড়ায় হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও সিলিন্ডার দিয়ে রোগীদের চাহিদা পূরণ করা দুরূহ হয়ে পড়েছে। বড় বিপর্যয়ের আগেই লিকুইড অক্সিজেন প্ল্যান্টে রিফিল করে এটি চালু করতে পারায় তিনি স্বস্তি প্রকাশ করেন। করোনা ইউনিটে ভর্তি করা প্রায় সব রোগীর জন্যই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত