মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের সময় ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:৪৭ পিএম

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে মাকসুদ (৪৩) নামে আটক এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার রাত আটটায় পৌর শহরের চরপাড়াস্থ স্বনির্ভর রোডে এ ঘটনা ঘটে।

মৃত মাকসুদ সাবেক পুলিশ কর্মকর্তা মৃত ইলিয়াছ হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বনির্ভর রোড এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় ইয়াবা ব্যবসায়ী সন্দেহে মাকসুদকে আটক করলে তাদের সাথে তার ধস্তাধস্তি হয়। পরে মাকসুদ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে তার হাতে হ্যান্ডকাফের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই জসিম উদ্দীন জানান, মাসুদকে কোনো মারধর করা হয়নি। আটকের পর ধস্তাধস্তিতে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় ফৌজদারি অপরাধের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত