পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৯:২৬ পিএম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা দিয়েছে ফেরি।

সোমবার সন্ধ্যায় সন্ধ্যা ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বর্তমানে শিমুলিয়াঘাটের ২ নম্বর ফেরি ঘাটে রয়েছে। তবে কর্মস্থলে না থাকার কারণে এর বেশি কিছুই জানেন না তিনি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার খবর শুনেছি। আমাদের লোক ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেতুর পিলার পর্যবেক্ষণ করেছে।

তিনি বলেন, খবর পেয়েছি আগেরবার ফেরির সঙ্গে ধাক্কা লেগে ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপে যতটুকু কংক্রিট উঠে গিয়েছিল এবার তার চেয়েও কম।

তবে এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এখনো তিনি পাননি বলে জানান আব্দুল কাদের।

সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির জানান, সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগায় ফেরিতে থাকা একটি পণ্যবাহী যান অপর একটি প্রাইভেটকারের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ২-৩ জন আহত হয়েছে।

এর আগে ২৩ জুলাই সকালে রো-রো ফেরি শাহ জালাল সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়।

এছাড়া ২০ জুলাই রো-রো ফেরি শাহ মখদুম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত