শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বালু জব্দ, ইউপি সদস্যর কারাদণ্ড

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:১৪ পিএম

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলনকৃত ২,০১,১২৭ ঘনফুট বালু জব্দের ঘটনায় এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা ম্যাজিস্ট্রেট ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সোমবার উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সাতগাঁও চৌমুহনী, ভুনবীর চৌমুহনী, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা ২,০১,১২৭ (দুই লাখ এক হাজার একশ সাতাশ) ঘনফুট বালু জব্দ করেন। জব্দকৃত বালু বিধিমতো নিলামে বিক্রি করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।  

এ ছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, লঙ্ঘনের অভিযোগে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন এবং শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি টিম অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ অপরাধের সাথে যুক্ত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত