স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত একটি ফরাসি সিনেমার সংলাপে বাংলাদেশের পোশাকশিল্পকে অবমাননার অভিযোগ তুলেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সেই সংলাপ প্রত্যাহারের জন্য নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টেড অ্যান্থনি স্যারান্ডেসকে চিঠি দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গতকাল সোমবার বিজিএমইএ কর্র্তৃপক্ষ জানায়, নেটফ্লিক্সের সিইওর পাশাপাশি এ বিষয়ে সহযোগিতা চেয়ে চলচ্চিত্রটির পরিচালক ডেভিড শ্যারন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন ফারুক হাসান।
নেটফ্লিক্সে গত ৩০ জুলাই মুক্তি পায় ডেভিড শ্যারন পরিচালিত ফরাসি চলচ্চিত্র ‘দ্য লাস্ট মার্সেনারি’। চলচ্চিত্রটিতে একটি সংলাপ ছিল এমন ‘ইয়েস, বুলেটপ্রুফ ট্যাক্সেডো, মেড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ।’
