বাবা-মাকে খুঁজে না পাওয়া শিশু আশ্রয় কেন্দ্রে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৫৪ এএম

মা-বাবার সঙ্গেই থাকত ছয় বছরের শিশু সজীব। ঢাকা শহরের কোনো এক মাজারের পাশে। গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বাবার নাম বাবুল, মা চম্পাÑ শুধু এটুকুই বলতে পারে শিশুটি। বাবা-মার কাছ থেকে হারিয়ে যাওয়ার ১২ দিন পর তার ঠাঁই হলো মিরপুরের শিশু কেন্দ্রে।

গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে সজীবকে হাজির করে সরকারি যেকোনো আশ্রয় কেন্দ্রে রাখার আবেদন করেন সূত্রাপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রমজান হোসেন। পরে আদালত শিশুটিকে মিরপুর-১ নম্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শিশু আশ্রয়ণ কেন্দ্রে রাখার আদেশ দেয়।

ওই আদেশে বলা হয়, যেহেতু শিশুটির কোনো আইনত অভিভাবককে খুঁজে পাওয়া যায় নাই, সেহেতু তাকে মিরপুর-১-এ সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শিশু আশ্রয়ণ কেন্দ্রে প্রতিপালনের নির্দেশ দেওয়া হলো। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তার কোনো আইনানুগ অভিভাবক পাওয়া গেলে তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ ভোটার আইডি যাচাই ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন রেখে দাবিদার অভিভাবকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হলো।

গত ২৯ জুলাই ভোরে সূত্রাপুর এলাকার মুসলিম হোটেলের সামনে সজীবকে একা পেয়ে থানায় দিয়ে যান সাকিব নামে এক পথচারী। এরপর পুলিশ বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার স্বজনদের খুঁজে পায়নি। সবশেষ শিশুটিকে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত