পরীমনি-পিয়াসার মামলা তদন্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: সিআইডি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১১:৪৯ পিএম

পরীমনি ও পিয়াসার মামলা তদন্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা জানিয়ে পরীমনি-পিয়াসা সংশ্লিষ্টদের কোনো তালিকা তৈরির খবর নাকচ করে দেন।

পরীমনি ও পিয়াসাকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি; তাতে অনেকের নাম বেরিয়ে আসার গুঞ্জন চলছে। এ বিষয়ে মাহবুবুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “অনেককে জিজ্ঞাসাবাদ করেছি।”

এই পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “সংখ্যাটা বলা যাবে না। কারণ আজও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

কোনো তালিকা করা হয়েছে কি না জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, “তদন্তে তালিকা করার কোনো সুযোগ নেই। যার নাম আসবে তাকেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

সাম্প্রতিক অভিযানে পরীমনি ও পিয়াসাসহ কয়েকজনকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা বাড়িতে নানা পার্টি করতেন, সেখানে আমন্ত্রিতদের সঙ্গে ছবি তুলে তা দিয়ে আবার তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন।

পরীমনি, পিয়াসার সঙ্গে সম্পর্ক ছিল- এমন অনেকে ভয়ে এখন বাড়িছাড়া বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তথ্য ফাঁসের ভয় দেখিয় তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এমন কেউ এসেছে কি না- জানতে চাইলে মাহবুবুর বলেন, “এমন মৌখিক অভিযোগ এসেছে। তাদেরকে বলেছি, জিজ্ঞাসাবাদ প্রয়োজন হলে আমরা নোটিস দিয়ে ডাকব।”

মাদকের মামলায় পরীমনিকে চার দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আবার দুদিন সময় বাড়িয়ে নিয়েছে সিআইডি।

মাহবুবুর বলেন, “চার দিনের হেফাজতে অনেক কিছু জানতে পেরেছি। আরও কিছু জানার প্রয়োজন রয়েছে। তাই আবারও রিমান্ড চাওয়া হয়েছে।”

পরীমনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি একই পোশাকে এবং একই মাস্কে রয়েছেন বলে তার আইনজীবী অভিযোগ করেছেন।

 

সিআইডি প্রধান মাহবুবুর বলেন, সেল্ফ ডিফেন্সের সুযোগ তো তিনি নেবেন। হেফাজতে থাকা অবস্থায় পরীমনি কয়েকবার পোশাক পরিবর্তন করেছেন।

তদন্তের অগ্রগতি নিয়ে তিনি বলেন, এই পর্যন্ত ছয়টি গাড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পরীমনির ‘হ্যারিয়ার গাড়িটি রয়েছে।

মাদকের পাশাপাপশি পরীমনির অন্য কোনো বিষয়ে তদন্ত করা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এই মামলা তদন্ত করতে গিয়ে আরও অনেক কিছু আসতে পারে। সিআইডি সব কিছু তদন্ত করছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত