চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে। ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এ সেন্ট্রাল অক্সিজেন বসানোর কার্যক্রম গত ৫ আগস্ট থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।
তিনি বলেন, ‘এর মাধ্যমে একসঙ্গে ২০ জন রোগী অক্সিজেন সেবা নিতে পারবে। এটা বসানোর কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে এটা উদ্বোধন করা হবে।’
করোনা রোগীদের চিকিৎসায় বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বসানো হয়েছে। কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্যের নির্দেশে রোগীদের বেডের কভারগুলোও পরিবর্তন করে দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘এর মাধ্যমে হাসপাতালে আসা আর কোনো রোগীর অক্সিজেনের অভাব হবে না।’
