ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী ও রোগীর স্বজনদের মাঝে দুই মাসব্যাপী বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে হাসপাতাল মিলনায়তনে রাশিদা হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাশিদা হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. মিথিলা ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া, সহসভাপতি জাকারিয়া মিঠু, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঠু ও কালের কণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, আমিনুল ইসলাম পল্টু ও আব্দুল হান্নান প্রমুখ।
রাশিদা হাসান ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ভর্তি হচ্ছে। রোগীদের সঙ্গে থাকা স্বজনরা ঠিকমতো খাবার পাচ্ছেন না। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাশিদা হাসান ফাউন্ডেশন এ কর্মসূচি হাতে নিয়েছে।
প্রতিদিন দুপুরে বিনামূল্যে ১০০ প্যাকেট করে খাবার সরবরাহ করা হচ্ছে। দুই মাসব্যাপী এ কর্মসূচি চলবে। প্রয়োজনে এ কার্যক্রমের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
