ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে দিল ম্যান ইউনাইটেড

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১০:১৩ পিএম

নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক তুলে নিলেন ব্রুনো ফার্নান্দেজ। দুর্দান্ত খেলে সতীর্থদের দিয়ে মোট চারটি গোল করালেন পল পগবা। সুবাদে লিডস ইউনাইটেড বিধ্বস্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার লিডসকে ৫-১ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। ফার্নান্দেজের ছাড়া তাদের অন্য দুই গোলদাতা ম্যাসন গ্রিনউড ও ফ্রেদ। লিডসের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লুক আইলিং।

এ দিনের জয়ের ফলে এই নিয়ে রেকর্ড ১৯ বার জয় দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যান ইউনাইটেড। দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি জয় পেয়েছিল চেলসি।

এ দিন ম্যাচের প্রথমার্ধে কিছুটা লড়াই করেছিল লিডস। তবে প্রথমার্ধে ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরেছিল লিডস। কিন্তু এরপর প্রতিপক্ষের আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি দলটি।

ফার্নান্দেজ গোলগুলো করেন ৩০, ৫৪ ও ৬০ মিনিটে। গ্রিনউড ৫২ ও ফ্রেদ ৬৮ মিনিটে জালের দেখা পান। লিডসের পক্ষে আইলিং ৪৮ মিনিটে একমাত্র গোলটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত