পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংস্কার করার কাজ চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং মালিকদের ক্ষমতা কমাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ^জিৎ চন্দ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা আইনে বেশ কিছু পরিবর্তনের জন্য আমরা সুপারিশ করতে যাচ্ছি। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। আরও দুই-একটি সভা দরকার হবে। এরপর প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, আইন সংশোধনের জন্য কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর মন্ত্রী নেতৃত্বের বৈঠক করে তা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। মন্ত্রিপরিষদে অনুমোদন পেলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে জাতীয় সংসদে।
