ঘর থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১১:৫৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নয়াসাঙ্গুন গ্রামের ওই ঘটনায় গতকাল রবিবার অজ্ঞাত পরিচয় তিন জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন মেয়েটির বাবা। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে মোক্তার হোসেন (৫০) নামে প্রতিবেশী এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মোক্তার।

মেয়েটির বাবা জানান, গত শুক্রবার গভীর রাতে দরজার শেকল খুলে ঘরে ঢুকে বৃদ্ধ দাদির মুখ ও পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নেয় অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি। পরে প্রতিবেশীদের কাছ থেকে ঘটনাটি শুনে মেয়েকে আশপাশে খুঁজতে শুরু করেন তিনি। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে মসজিদ থেকে মেয়েকে আসতে দেখেন তিনি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা খুলে বলে সে।

কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত