জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস গতকাল রবিবার দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে এবারও কর্মসূচি ছিল সীমিত। এরপরও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা, মিলাদ, কোরআনখানি, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, আলোচনা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাজশাহী : সকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এতে নেতৃত্ব দেন।
গাজীপুর : আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান।
কুমিল্লা : জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লায় নগর উদ্যানে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রথমে শ্রদ্ধা জানান কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ শ্রদ্ধা জানান।
কিশোরগঞ্জ : সকালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাটির রতœ, রাষ্ট্রপতি তনয়, কিশোরগঞ্জ-০৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় সঙ্গে ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল এবং মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব। এছাড়া, কিশোরগঞ্জ সদরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. জাকিয়া নূর লিপি।
ঠাকুরগাঁও : শোক র্যালি বের করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। পরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রমেশ চন্দ্র সেন এমপিসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন।
পঞ্চগড় : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে বিধি মোতাবেক জাতীয় পতাকা অর্ধনমিত করে তোলা হয়। পরে সকালে পঞ্চগড় সার্কিট হাউজ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
নাটোর : সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
মেহেরপুর : জেলা প্রশাসন চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন।
মানিকগঞ্জ : সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমুখ।
মাগুরা : সকাল ৮টায় নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঝালকাঠি : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রমুখ।
যশোর : দিনের শুরুতে শোক র্যালি করে শহরের বকুল তলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
ফরিদপুর : সকাল ৭টায় শহরের থানার মোড়ে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বান্দরবান : সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বাগেরহাট : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর জেলা প্রশাসন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন।
লক্ষ্মীপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল, সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসন বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ব্যবস্থা করে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : কায়েতপাড়া ইউনিয়নের মাঠে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া।
বেলকুচি (সিরাজগঞ্জ) : পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শন এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া, বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলাসহ শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সংস্থা এবং রাজনৈতিক দলগুলোর পক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের খবর পাওয়া গেছে।
