দেশে কাঁচা মরিচের দাম বেড়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হওয়ায় দাম নিয়ন্ত্রণে আনতে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে হিলিতে দেশীয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে।
সোমবার সরেজমিনে হিলির কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সব দোকানেই কাঁচা মরিচের সরবরাহ ভালো রয়েছে। তবে দাম আগের তুলনায় কিছুটা কমেছে একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম অস্থিতিশীল হয়ে উঠেছিল, প্রায় প্রতিদিনই মোকামে কাঁচা মরিচের দাম বাড়ছিল। তবে গত কয়েকদিনের তুলনায় মোকামে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।
এছাড়াও বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার এমন খবরে মোকামে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিন আগেও আমরা প্রতি কেজি দেশীয় কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি করেছিলাম এখন কিনতে কম পাওয়ার কারণে তা ১শ টাকা কেজি দরে বিক্রি করছি। আর হিলি স্থলবন্দর দিয়ে যেসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে তা স্থানীয় বাজারে আসছে না সরাসরি ঢাকায় চলে যাচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দেশের বাজারে সরবরাহ কমায় দাম বেড়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে।
এমন অবস্থায় দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে আইপি পাওয়া সাপেক্ষে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হলেও দীর্ঘ ৮ মাস বন্ধের পর গত শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম অনেকটা নিয়ন্ত্রণে আসছে। এদিন বন্দর দিয়ে ২টি ট্রাকে ২৩ হাজার ৫৬২ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।
আমদানিকৃত কাঁচা মরিচ সাধারণত ৮৫/৯০ টাকায় বিক্রি করা হলেও সেদিন বন্দরে ক্রেতা না থাকায় কাঁচা মরিচগুলো ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়। কিন্তু মান খারাপ হওয়ার কারণে যা ৩০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করতে হয়েছে। এতে করে ব্যাপক লোকসানের মধ্যে পড়তে হয়েছে।
এদিকে দেশের চাহিদা থাকায় ইতিমধ্যে ভারতীয় ব্যবসায়ীরা সেই সুযোগে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন যার কারণে ভারতেই কিছুটা বাড়তি দামে কাঁচা মরিচ কিনতে হচ্ছে।
আজকেও হিলি স্থলবন্দর দিয়ে ১টি ট্রাকে ১৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে, তবে এখনো কোনো দামে বিক্রি হয়নি। হিলিসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসবে বলেও জানান তিনি।
