নানা কর্মসূচিতে বেবিচকের জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৫:০৬ পিএম

যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রবিবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও তার উল্লেখযোগ্য অবদান সমূহের ওপর প্রবন্ধ পাঠ এবং আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক জীবন বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কিত বই অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পুরস্কার হিসাবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী ও অভিভাবকেরা ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পান।

বাদ আসর বেবিচকের সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার জামে মসজিদে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্য ও অন্যান্য সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার পরিজনসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়।

দিবসের কর্মসূচিতে সিএএবির চেয়ারম্যানের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত