রাজধানীর গুলশানে এলিনো চেনাই ইভালি (৬২) নামে এক ফিলিপিনো নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ফ্ল্যাটের বাথরুমে গলায় ‘বেল্ট প্যাঁচানো’ অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার পর গুলশান-১ নম্বরের ১২৫ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটের বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের মাতারবাড়ীতে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কাজ করতেন।
আমিনুল ইসলাম জানান, “আমরা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করি। বাথরুমের গ্রিলের সঙ্গে কোমরের বেল্ট প্যাঁচানো ছিল তার গলায়।”
তিনি জানান, কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন এলিনো চেনাই ইভালি। সুস্থ হওয়ার পর কিছুদিন বিশ্রামের জন্য গুলশানে কোম্পানির ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
