চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ: আটক ৪০

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৬:৩৪ পিএম

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৪০ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানান পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মাহমুদ হাসান। 

তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল এবং আশপাশের এলাকা থেকে ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই–বাছাই শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যায় তারা। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়।

তাদের দাবি, একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।

ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বহু নেতাকর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষে ৮ থেকে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

সংঘর্ষের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে যান। এরপর তিনিসহ নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত