রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, এই হামলা সরকারের ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। গুলি করে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না।
তারা বলেন, চারদিকে ফ্যাসিবাদী সরকারের পতনের ধ্বনি শোনা যাচ্ছে। পতনের আতঙ্কে সরকার চরম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। কিন্তু, তারা ভুলে গেছে বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের মাধ্যমে অতিতেও কোনো স্বৈরাচারী সরকার তাদের পতন ঠেকাতে পারে নাই, বর্তমান সরকারও পারবে না।
নেতারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে প্রতিষ্ঠিত অবৈধ সরকার সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলন-পীড়ন, জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, গুম-অপহরণ ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। কিন্তু কোনো বাধায় বিরোধী দলের ক্রমবর্ধমান অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করেই জাতীয়তাবাদী শক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।
