এশিয়ান কাপ বাছাইয়ে সাবিনাদের প্রথম প্রতিপক্ষ জর্ডান

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৯:৩৪ পিএম

মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে।

বুধবার আসরের সূচি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর জর্ডানের মুখোমুখি হবে। ২২ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে সাবিনা-কৃষ্ণারা।

নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

গ্রুপে তিন দলের মধ্যে বাংলাদেশই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৬৩তম, ইরান রয়েছে ৭২তম স্থানে। বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭তম।

‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফসি।

বাছাই পর্বে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৮টি দল। ১২ দল নিয়ে আগামী বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের মূল পর্ব। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাবে ৮টি দল। স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত