ময়মনসিংহ সদরের সিরতা ভাটিয়াপাড়ার একটি মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়ার আব্দুল মজিদ সরকার (৫৫) ও তার ছেলে মাহমুদুল হাসান (১২)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার মৎস্য খামারে কাজ করতেন আব্দুল মজিদ সরকার। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর ছেলেকে নিয়ে মৎস্য খামারে যান তিনি।
এ সময় মৎস্য খামারের পাড়ে পড়ে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে যান আব্দুল মজিদ। বাবাকে উদ্ধার করার চেষ্টা করেন মাহমুদুল হাসান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
