সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে নগরীর বর্জ্য অপসারণ না করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং বুধবার রাতের ঘটনায় দায়ীদের বিচারসহ বিভিন্ন দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ ঘোষণা দেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সিটি কপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তারা এই মানববন্ধন ও সমাবেশ করে।
মানববন্ধনে অংশ নেয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখার সহকারী কর্মকর্তা রেজাউল করীম ও শফিকুল আজম বলেন, বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্ন কাজ চলার সময় তাদের ওপর হামলা ও গুলি চালায় উপজেলা পরিষদের দায়িত্বরত আনসার সদস্যরা। ওই ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাকে প্রধান আসামি করে দায়ের দুটি মামলায় অজ্ঞাতনামা বিপুলসংখ্যক আসামি উল্লেখ করায় পরিচ্ছন্নকর্মীরা গ্রেপ্তার আতংকে ভুগছেন। এসব কারনে তারা পরিচ্ছন্ন কাজ থেকে বিরত রয়েছেন। মেয়রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না হলে পরিচ্ছন্নকর্মীরা কাজে যোগ দেবেন না।
সমাবেশে বক্তারা বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় তারা নগর পরিষ্কারের কাজে নামবেন না।
মানববন্ধনে বক্তব্য রাখেন কর নির্ধারক বেলায়েত বাবলু, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুমসহ অনেকে রাখেন।
এদিকে একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
গত বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়।
এর প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করে আসছেন। পরিচ্ছন্নকর্মীরাও নগরের পাড়া-মহল্লা, বাড়ি থেকে ময়লা-আবর্জনা অপসারণ থেকে বিরত রয়েছেন। টানা তিনদিন বর্জ্য অপসারন না করায় গোটা নগরীর পরিবেশ বিষিয়ে উঠেছে।
