‘টিকটক’ তারকা অপুকে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন অনন্য মামুন

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০১:২৮ এএম

টিকটক তারকা অপু। যিনি অপু ভাই নামেই পরিচিত। গত বছরের আগস্ট মাসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ‘কিশোর গ্যাং’ তৈরিরও। সেলুন কর্মী থেকে টিকটক তারকা হয়ে ওঠা সেই অপুকে নিয়ে এবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন।

দেশ রূপান্তরকে অনন্য মামুন বলেন, ‘আমি মূলত এই ছেলেটাকে সাহায্য করতে চেয়েছি। ওর প্রতিভা আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব।’

তিনি আরও জানান, মাত্র অল্প দিনের গ্রুমিংয়েই অপুকে আমূল বদলে দিয়েছেন। তার নতুন লুকের ছবিও প্রকাশ করেছেন মামুন। সেই সব ছবিতে অচেনা এক অপুরই দেখা মিলল।

মামুন জানালেন, ভার্সিটি লাইফের সিনিয়র জুনিয়রদের মনোমালিন্যের গল্প নিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামের এই ওয়েব সিরিজ। ৬ পর্বের এই ওয়েব সিরিজের শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ ও কুয়াকাটায়।

মামুন আর বলেন, ‘কে কিভাবে নেবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র vs জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে ( চরিত্রে নাম)।  ১ মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।’

অনন্য মামুন সম্প্রতি কাজ শেষ করেছেন ‘অমানুষ’ নামের একটি চলচ্চিত্রের। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, মিথিলা, নওশাবাসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত