প্রথমে পিছিয়ে পড়ে ৩-১ গোলে স্বাগতিক মাজিয়া স্পোর্টসকে হারিয়ে এএফসি কাপের ডি গ্রুপে সুবিধাজনক অবস্থায় আছে ভারত জায়ান্ট মোহনবাগান। দ্বিতীয়ার্ধে কৌশল বদলে খেলোয়াড় পরিবর্তন করে সফলতা মিলেছে দলটির স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাগানের বসুন্ধরা কিংসের বিপক্ষে শেষ ম্যাচে প্রয়োজন একটি মাত্র পয়েন্ট। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের হালকাভাবে নিতে চান না কোচ। আগামীকাল ম্যাচটা তারা খেলতে নামবে জয়ের লক্ষ্য নিয়েই। যদিও সুবিধাজনক স্থানে থেকেও একটা অস্বস্তি সঙ্গী হয়েছে বাগানের। শনিবার মাজিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন দলের আক্রমণভাগের মূল অস্ত্র ফরাসি প্লে-মেকার হুগো বোমস। ২৬ বছরের এই নান্দনিক ফুটবলার ঠিকই সেরাত্বের প্রমাণ রেখেছিলেন আক্রমণের ধার বাড়িয়ে। তবে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেই বিপদ ডেকে এনেছেন দলের জন্য। সেটি ছিল বোমসের এই আসরে দ্বিতীয় হলুদ কার্ড। যে কারণে কিংসের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছেন বোমস। বাগানের জন্য যেটা বড় দুঃসংবাদ, কিংসের জন্য বড় স্বস্তির। এএফসি কাপের পরের ধাপে যেতে বাগানের বিপক্ষে কাল জয়ের বিকল্প নেই কিংসের সামনে। এমন ম্যাচে প্রতিপক্ষের সেরা অস্ত্র না থাকাটা বাড়তি সুবিধাই দেবে অস্কার ব্রুজনের দলকে।
×
