গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটে জড়িতদের বিচার এবং ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান র্যাফেল।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা গণফোরামের সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রণব চৌধুরী খোকন, জেলা সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি মোক্তাদুর রহমান মিঠু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আশরাফ আলী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী ও শ্রমিক নেতা নুর মোহাম্মদ বাবু প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। এতে ব্রহ্মপুত্র সেতু বা টানেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন সর্বস্তরের মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর বিশাল এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ১২৪ কোটি ৭৭ লাখ থেকে বাড়িয়ে ১৪৫ কোটি ২ লাখ টাকা ও মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু বিআইডাব্লিউটিএ এত বিপুল পরিমাণ টাকা ব্যয়ের পর বলেছে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। কেননা এই প্রকল্প বাস্তবায়নের আগে নাকি সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। তাহলে এতগুলো টাকার একটি প্রকল্প কোনো প্রকার যাচাই-বাছাই ও সম্ভাব্যতা পরীক্ষা ছাড়াই খরচ করা হলো, এটা গাইবান্ধাসহ উত্তরবঙ্গবাসীর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
তারা বলেন, এ ঘটনার মধ্য দিয়ে গাইবান্ধাবাসীর সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। কার লুটপাটের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা গাইবান্ধার মানুষ জানতে চায়।
অবিলম্বে বালাসী-বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নেরও দাবি করা হয় সমাবেশ থেকে এবং এই ‘বিপুল পরিমাণ টাকা অপচয় ও লুটপাটের’ বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে সমাবেশকারীরা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করলে গাইবান্ধা সদর থানার ওসি সেখানে উপস্থিত হয়ে রাস্তা ছেড়ে দিতে বলেন।
এরপর সমাবেশের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
