সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র পিসিআর মেশিন ও ল্যাব ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। এ কারণে গত ৭ দিন ধরে এ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ল্যাব বন্ধ থাকায় ১ হাজারেরও বেশি নমুনা পরীক্ষার জন্য জমা রয়েছে। এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে পিসিআর ল্যাব বন্ধ থাকায় জেলার ৯ উপজেলার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্স নতুন করে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে। এতে নমুনা দিতে আসা শত শত রোগী বিপাকে পড়েছেন।
এ বিষয়ে হাসপাতালের পিসিআর ল্যাব ইনচার্জ ডা. শর্মিলী পাল জানান, সম্প্রতি কয়েকদিন ধরে এ হাসপাতালের পিসিআর মেশিনে প্রতিদিন ১০০ নমুনা পরীক্ষায় গড়ে ৮০টির রেজাল্টই পজিটিভ আসে। বিষয়টি নজরে আসামাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তারা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের নির্দেশে ল্যাবটি ভাইরাসমুক্ত করার জন্য গত মঙ্গলবার থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, শনিবার সকালে ঢাকা থেকে ২ সদস্যের একটি টিম এসে কাজ শুরু করেছে। আগের নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার চাপ বাড়ায় পিসিআর মেশিন ও পুরো ল্যাব ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। ফলে করোনা পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক রিডিং আসছে। এ জন্য গত ৭ দিন ধরে এ ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
