রূপগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

লুট হওয়া টাকা উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে লুট করা ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ২১ আগস্ট দুপুরে পূর্বশত্রুতার জের ধরে দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালুমকে রূপগঞ্জ সদর ইউনিয়নের মুসুরী এলাকায় স্থানীয় মনিরুজ্জামান মনিরসহ তার লোকজন গাড়ির গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে আনে। পরে তারা তাকে এলোপাতাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের পর গাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলে। এ সময় গাড়িতে থাকা (জমির বায়না বাবদ) ১ কোটি ৪০ লাখ টাকা লুটে নেয় হামলাকারীরা। বর্তমানে আজিজুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ২৩ আগস্ট আহত ইউপি সদস্য আজিজুলের বড় ভাই ছানাউল্যাহ মালুম রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত