কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানান। পরে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের পক্ষ থেকে শিক্ষক সমিতির মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ ছাড়া সেশনজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন বিশ^বিদ্যালয় সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেছে। কিন্তু কুবি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এ সময় আগামী ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর ও স্নাতকের শেষ সেমিস্টারের পরীক্ষা শুরু করার দাবি জানান তারা।
