লঞ্চে কিশোরদের আনন্দ ভ্রমণ পরিণত হলো শোকে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০১:২২ পিএম

কুমিল্লার তিতাসে বন্ধুরা মিলে লঞ্চ ভাড়া করে ঘুরতে গিয়ে লাশ হলেন শামীম (১৪) নামের এক কিশোর।

সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দরিকান্দি শিবপুর গ্রামের মাঝামাঝি তিতাস নদীতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়েছেন আরও ৭ কিশোর।

নিহত শামীম শিবপুর গ্রামের মতিন মিয়ার ছেলে। এদিকে রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার। 

তিনি জানান, বেশ কিছুদিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ডিজে পার্টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে প্রচারণা ও কিছু জায়গায় পুলিশি অভিযানের পরেও এই দুর্ঘটনা দুঃখজনক।

জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের কিশোররা মিলে একটি লঞ্চ ভাড়া করেন আজ মঙ্গলবার ঘুরতে যাওয়ার জন্য। গতকাল সন্ধ্যায় লঞ্চটি আসলে রাত নয়টায় ১৪/১৫ জন কিশোর বাড়ির পাশেই ঘুরতে যান। এ সময় নদীর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনা ঘটে। এ সময় নিখোঁজ হন শামীম। মঙ্গলবার সকাল ৭টায়  নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আহতদের মধ্যে  তানিম (১৪), সিয়াম (১৭) ও রহিম (১৭) তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারা বলেন, আজ মঙ্গলবার ঘুরতে যাওয়ার কথা ছিল। রাতে লঞ্চ আসার পর আমরা ঘুরে দেখতে গিয়েছিলাম। লঞ্চের দোতলায় ছিলাম, কীভাবে কারেন্টের তারে লেগেছে বলতে পারব না। জ্ঞান ফেরার পর দেখি আমরা হাসপাতালে।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন বলেন, দুর্ঘটনায় আহত তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।  চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত