অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের রয় কাইয়া। মঙ্গলবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
এই অফ স্পিনার গত মাসে হারারেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলেছেন। দুই ইনিংস মিলিয়ে করেছেন ২৩ ওভার। হারারে টেস্টেই কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ আনে আইসিসি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
এক বিশেষজ্ঞ প্যানেল কাইয়ার বোলিং অ্যাকশন পর্যালোচনা করেন। তারা রায় দেন যে, এই জিম্বাবুয়েন স্পিনারের ডেলিভারিগুলো অনুমোদিত ১৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৯ বছর বছর বয়সী তারকা তার অ্যাকশন পরিবর্তনের পর পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
যদিও কাইয়াকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে তবে আইসিসি এক বিবৃতিতে নিশ্চিত করে, তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের সম্মতিতে ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন।
