সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে এক শিশু মাদ্রাসায় ফিরে যেতে চাইছিল না। কারণ জানতে চাইলে সে জানায় মাদ্রাসার শিক্ষক তাকে বলাৎকার করেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলামকে (২৩) পুলিশ সোমবার রাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে সোমবার দুপুরে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন, উপজেলার রূপবাটি ইউনিয়নের এক শিশুকে (৮) গত ১৬ আগস্ট ওই শিক্ষক বলাৎকার করে। এরপর বিষয়টি গোপন রাখতে তাকে ভয় দেখায়। ভয়ে শিশুটি তখন বিষয়টি গোপন করে। এরপর সে ২১ আগস্টের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়ি যায়। ২৩ আগস্ট সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে সে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। এর কারণ জানতে চাইলে সে তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে ও বলাৎকারের বিষয়টি খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে শিক্ষক আরিফুল ইসলামকে আসামি করে সোমবার দুপুরে শাহজাদপুর থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
