ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ: জয়

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, “ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ।”

মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিটেন্স সেবা ‘ব্লেজ’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ বলেন, “আমার ডিজিটাল বাংলাদেশের এখন নেক্সট (পরবর্তী) স্বপ্ন যে বাংলাদেশের সকল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে।”

সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে হবে, তা তুলে ধরে তিনি বলেন, “তারা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকে কেউ চুরি করে নেবে না।”

তিনি বলেন, ‘ব্লেজ’ সেবাটি সেই ‘ক্যাশলেস সোসাইটি’র পথে এগিয়ে যাওয়ার একটি অংশ।

সোনালী ব্যাংক সূত্র জানায় , এই সেবা চালু হলে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র ৫ সেকেন্ডে বাংলাদেশে রেমিটেন্স গ্রহীতার অ্যাকাউন্টে জমা হবে। বাংলাদেশে ৩৫টির মতো ব্যাংক ব্লেজ সেবাটি দিতে পারবে এবং সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে।

ব্লেজ-এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান এতে যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত