মাদারীপুর আসাদুল রাঢ়ী (২২) নামে এক নির্মাণ শ্রমিকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করে কালকিনি থানা-পুলিশ।
নিহত আসাদুল কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের খবির রাঢ়ীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসাদুলের বাড়ির পাশে একটি বাগানে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কালকিনি থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ সময় আসাদুলের হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আসাদুল রাঢ়ীর সঙ্গে তার স্ত্রী শারমিন আক্তারের পারিবারিক ঝামেলা চলছিল।
কয়েক দিন আগে আসাদুলের স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। তার একটি ছয় মাস বয়সী ছেলে রয়েছে।
নিহত আসাদুলের বাবা খবির রাঢ়ী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার এই হত্যাকারীর বিচার চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। আপাতত অপমৃত্যু মামলা হবে।
