চট্টগ্রামে পানির নিচে ডুবে থাকা রাস্তায় ড্রেনে পড়ে যুবক নিখোঁজ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৬:৪৮ পিএম

চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ সকালে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান।

স্থানীয়রা এ সময় জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান চললেও, বিকেল সাড়ে পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের উদ্ধার দলের নেতৃত্বে থাকা বিপ্লব কান্তি নাথ বলেন, “রাস্তায় জলাবদ্ধতার কারণে ওই যুবক ড্রেনটি দেখতে পাননি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত