পলওয়েলের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ আইজিপির

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৮:১৩ পিএম

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে পলওয়েলের ২০১৯-২০ অর্থ বছরের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও ও পলওয়েল চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ। সব পুলিশ  ইউনিটের প্রধানগণ দেশের বিভিন্ন স্থান হতে আগত পলওয়েলের সদস্য ও ডেলিগেটগণকে নিয়ে নিজ নিজ ইউনিটে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সভায় পলওয়েলের  পরিচালক, ডেলিগেট এবং সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক ও পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০১৯-২০ অর্থ বছরের প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় পলওয়েলের পরিশোধিত মূলধনের ওপর ২০১৯-২০ অর্থ বছরে ৩০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, ২০১৯-২০ অর্থ বছরের অডিট রিপোর্ট, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা ও অনুমোদন দেওয়া হয়। সভায় পলওয়েলের সংশোধিত উপ-আইন-২০২১ অনুমোদন এবং এর আলোকে পুনর্গঠিত ব্যবস্থাপনা কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া আই‌জি‌পি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে। সভার শুরুতে পলওয়েলের বিগত ৬০ বছরের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পলওয়েল দেশের একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। এর যে সম্পদ ও সম্ভাবনা রয়েছে সে নিরিখে এর আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর কল্যাণে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। এর আয় বাড়ানোর লক্ষ্যে তিনি ভবিষ্যতে সংগঠনটির প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার জন্য পলওয়েলের সদস্যদের প্রতি আহ্বান জানান ।

তিনি পলওয়েল মার্কেট মাল্টিপারপাস ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রাইভেট কোম্পানি করে স্টক মার্কেটে তালিকাভুক্তিসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত