দলবদল করলেন লিওনেল মেসি, ওদিকে লাভ হচ্ছে মাইকেল জর্ডানের। পিএসজির কিট স্পন্সর এই জর্ডান প্রতিষ্ঠান। মেসি পিএসজিতে যাওয়ায় দেদার বিক্রি হচ্ছে পিএসজির জার্সি, যা উৎপাদনের দায়িত্ব কেবল জর্ডানের। বিশ্বজুড়ে এই জার্সি বিক্রি করেই এতদিনে ৭০ লাখ ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি।
আমেরিকান বাস্কেটবল কিংবদন্তি এখন পুরোদস্তুর ব্যবসায়ী। ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠাতা নাইকির সঙ্গে যুক্ত হয়ে খুলেছেন ‘জর্ডান’ নামের ক্রীড়াসামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান। নাইকির ‘এয়ার জর্ডান’ জুতার সুনাম তো বিশ্বজোড়া। যদিও এই প্রতিষ্ঠানের প্রচারটা ফুটবলাঙ্গনে ছিল না। একমাত্র পিএসজির সঙ্গে যুক্ত হয়েই প্রথম কোনো ফুটবল ক্লাবের স্পন্সর হলো জর্ডান। ২০১৮ থেকে পিএসজির সঙ্গে থাকলেও খুব একটা লাভ হচ্ছিল না প্রতিষ্ঠানটির। কিন্তু এবার এক লাফেই জর্ডানের ‘জাম্পম্যান’ লোগার জয়জয়কার। পিএসজির আনুষ্ঠানিক বিক্রির সেন্টারে আলাদা অংশ খুলেও কুলানো যাচ্ছে না জার্সি বিক্রি।
