নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ১৭ লাখ পাঁচ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালানি কাপড়ের মধ্যে রয়েছে ১৭০ পিস লতিকা শাড়ি, ১৪০ পিস শানজানা শাড়ি ও ১৩০ পিস জামদানি শাড়ি। তবে এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া।
জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় বারমারী বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) অবস্থিত।
এ বিওপির নায়েবে সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের টহল দল দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে ১১৬২/১-এস নং সীমান্ত পিলার হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক স্থান হতে বিপুল পরিমাণ বিভিন্ন রকমের ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবির টহল দলটি।
জব্দকৃত কাপড়ের সিজার মূল্য ১৭ লাখ পাঁচ হাজার টাকা এবং চোরাচালানি এসব মালামাল জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
