শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১২:৩৬ এএম

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সরকার লাবি। তাঁর ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুলতান উদ্দিন সরকার। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় গোপনে ট্রাকভর্তি ঝুট বের করার সময় টের পান হাজি সুলতান উদ্দিন সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় সুলতান উদ্দিনের সমর্থিত লোকজন ঝুটভর্তি ট্রাক নিয়ে যেতে নিষেধ করে। একপর্যায়ে ট্রাকে ভাংচুর করে তারা। এতে মো. হাবিবুর রহমান সরকার লাবির সমর্থিত লোকজন পাল্টাহামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার হোসেনকে (৩৫) রাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

সুলতান উদ্দিন অভিযোগ করেন, নাজিম, কাশেম ও লাবির নেতৃত্বে প্রায় ১০০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

তবে হাবিবুর রহমান সরকার লাবি বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় ১২জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনের নামে হাবিবুর রহমান সরকার একটি অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত