চাঁদপুরে স্বামীর করা যৌতুক মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার দুপুরে আসামি মনি আক্তার মিতু (২১) কোর্টে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন এ আদেশ দেন। এর আগে গত ১৫ জুলাই চাঁদপুর আদালতে মামলা করেন স্বামী নূর মোহাম্মদ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে মতলব উত্তর উপজেলার বাসিন্দা নূর মোহাম্মদের সঙ্গে একই উপজেলার সুজাতপুর এলাকার মনি আক্তার মিতুর ২ লাখ ৫০ হাজার টাকা মোহরানায় বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা নগদ ওয়াশিলয়াস্তে কাবিন নিবন্ধন হয়। বিয়ের পর থেকেই মিতু তার স্বামীর কাছে বিভিন্ন বাহানায় নগদ অর্থ দাবি করতে থাকে। একপর্যায়ে তার বাবার ঘর করার জন্য স্বামীর কাছ থেকে মোহরানার বাকি ২ লাখ টাকা আদায় করে নেয়। এরপরও মিতু ও তার পরিবারের লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা না দিলে সংসার করবে না মর্মে ডিভোর্স চায়। উপায় না পেয়ে নির্যাতনের শিকার নূর মোহাম্মদ আদালতে মামলা করেন।
