শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মারা গেছেন

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:৩৫ এএম

মারা গেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। শুক্রবার রাত ৮টা নাগাদ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াতের বয়স হয়েছিল ৮০ বছর।

এক সময় শিক্ষকতা ও সংগীত চর্চার সঙ্গে যুক্ত ছিলেন সোনামন। অনেক দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। সঙ্গে ছিল নানারকম শারীরিক সমস্যা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। সেই সময় বাড়িতেই ছিলেন শীর্ষেন্দুসহ পরিবারের বাকি সদস্যরা।

দ্রুত তোড়জোড় শুরু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগেই সোনামন মারা যান।

সোনামন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোকবার্তায় লেখেন, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সহধর্মিণী সোনামন মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ রাতে কলকাতায় প্রয়াত হন। মৃত্যুকালে আশি- উত্তীর্ণা, সাহিত্য-অনুরাগিণী ও সাহিত্যব্রতী সোনামন মুখোপাধ্যায় সাহিত্যের রসাস্বাদনে পারঙ্গম ছিলেন। তিনি নিজেও সাহিত্যের আসরে স্বকীয় স্বাক্ষর রেখেছেন। এক সময় শিক্ষকতা ও সংগীতচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। আমার সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল।

পূর্ব বাংলায় জন্ম হলেও দেশভাগের সময়েই কোচ বিচারে চলে যায় সোনামনের পরিবার। সেখানে বড় হওয়া, লেখাপড়া, শীর্ষেন্দুর সঙ্গে পরিচয় ও বিয়ে। পরে তারা কলকাতায় থিতু হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত