দেশ রূপান্তর সংবাদ প্রকাশ

শোল্লা ব্রিজের বন্ধ থাকা সংযোগ সড়কের কাজ শুরু

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৪৮ এএম

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দক্ষিণে নিলাম্বরপট্টি ও ঢাকা জেলার নবাবগঞ্জের শোল্লার সংযোগস্থলে কালিগঙ্গা নদীর ওপর শোল্লায় নির্মিত ব্রিজের উত্তর পাশে বন্ধ থাকা ৩৬০ মিটার সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

গত ৭ আগস্ট ‘দুই বছরেও শেষ হয়নি কাজ, সিঙ্গাইর-নবাবগঞ্জ শোল্লা ব্রিজ’ শিরোনামে দেশ রূপান্তরে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড শুরু করে বন্ধ থাকা কাজ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের অগ্রগতি প্রসঙ্গে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন বলেন, ‘করোনায় কাজ বন্ধ থাকার পর জুলাই মাসের মাঝা মাঝি আবার শুরু হয়ে এ পর্যন্ত মোট কাজের ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম দিকে সম্পূর্ণ কাজ শেষ করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত