রূপগঞ্জে ঘরে পিস্তল নিয়ে বসে আছে যুবক, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৭:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার বৈধ পিস্তল চুরি করে শামীম (৩০) নামে এক ব্যক্তি ফাঁকা গুলিয়ে চালিয়েছে। পিস্তল উদ্ধারে বাড়িটি অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এই ঘটনা ঘটে।

শামীমের বড়ভাই জানান, তার বাবা রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। গত এক মাস ধরে শামীম ও তার বাবা রফিকুল ইসলামের মাঝে ঝগড়া চলছিল। তিনতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে দুই দিন ধরে শামীম বসেছিল। সে বাড়ির কারও সঙ্গেই কথা বলেনি। শনিবার রাত ১১ টার দিকে শামীম একটি ফাঁকা গুলি ছুড়ে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকালে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা-পুলিশ শামীমকে কক্ষ থেকে পিস্তলসহ বের করে আনতে চেষ্টা করেন। এ সময় শামীম আবারও একটি ফাঁকা গুলি ছোড়েন। পুলিশ বাহিনী সদস্যরা বাড়িটিকে ঘিরে রেখেছে। বিকেল পাঁচটা পর্যন্ত  অনেক চেষ্টা করেও শামীমকে বদ্ধ কক্ষ থেকে বের করতে এবং পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তার বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। পুলিশ চেষ্টা করেও তাকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীম ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে। এখনো সোয়াট টিম ঘটনাস্থলে এসে পৌঁছেনি।

শামীমের ছোড়া ফাঁকা গুলির শব্দে আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত