কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার হরিশ্চর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অন্য এক আরোহী আহত হন।
নিহতরা হলেন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি খন্দকার জসিম বলেন, একই সময় ঢাকামুখী চট্টলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী হরিশ্চর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল লেভেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। চট্টলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে আসা মহানগর প্রভাতী তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
