ওপেনিং জুটির ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১১:০১ পিএম

দুই দিন আগে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজে ওপেনারদের ব্যর্থতায় চিন্তিত নন তিনি। এবার বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও একই কথা বললেন।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি না ওপেনিং জুটি নিয়ে কোনো সমস্যা আছে।’

অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে রয়েছেন। শেষ ১৭ মাস ধরে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে। এই সময়ে লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম ওপেনিংয়ে খেলেছেন। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে মেহেদি হাসানকেও ওপেন করতে দেখা যায়।

কিন্তু কোনো জুটিই নির্ভরতা ছড়াতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের ধারাবাহিকতা, পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার বিষয়টি বড় চিন্তা হয়েই দাঁড়িয়েছে।

তবে ডমিঙ্গো বিষয়টিতে একমত নন। তার কথায়, ‘মাত্র এক সিরিজ আগেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিতে রেকর্ড ওপেনিং জুটি হয়েছে। তাই এটাকে আমি বড় সমস্যা হিসেবে দেখছি না।’

জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ১০২ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। নাঈম এরপর ছোট ছোট ইনিংস খেলেছেন বেশ কটিই। তবে সৌম্য অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন পুরোপুরি ব্যর্থ।

লিটন জিম্বাবুয়ে সফরের প্রথম টি-টোয়েন্টিতে চোট পান। পরের দুই ম্যাচেও ছিলেন না। পারিবারিক কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়া সিরিজে। কিউইদের বিপক্ষে তিনি ফেরায় বিকল্প বেড়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে কোন দুজন সুযোগ পাবেন সেটিও এখন বড় প্রশ্ন। ডমিঙ্গো জানালেন, কিউইদের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি।

ডোমিঙ্গো আরও বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কি হতে চলেছে তা জানতে আমাকে কাল নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিনজন সৌম্য-লিটন এবং নাঈম আছে, যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আলোচনা আমরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্ত নেব।’

অস্ট্রেলিয়া সিরিজের মতো তামিম ইকবাল নিউজিল্যান্ড সিরিজেও নেই। গুঞ্জন রয়েছে, ফিট থাকলে বিশ্বকাপ দলে থাকবেন তামিম। এ নিয়ে অবশ্য অনেক প্রশ্নও তৈরি হয়েছে। অনেকে টি-টোয়েন্টিতে দীর্ঘ বিরতির পর তামিমকে সরাসরি বিশ্বকাপ দলে রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

ডমিঙ্গো অবশ্য এই মুহূর্তে তামিমকে নিয়ে আলোচনা করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে বলেছেন, ‘আমার দৃষ্টি এখন স্কোয়াডে থাকা ১৯ খেলোয়াড়কে নিয়ে… এটা নিয়ে (তামিম প্রসঙ্গ) খুব বেশি ভাবিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত