দিনাজপুরে ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০২:২৯ পিএম

পৌর টোলের নামে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতিতে যাচ্ছে দিনাজপুর জেলার সকল প্রকার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিচালনার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-রাজ-২৪৫) এর নেতারা।

৪ দফা দাবির বাকি ৩টি দাবি হল- বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ২০১৩ ও ২০১৭ সালের শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আইন দ্রুত বাস্তবায়ন করা, চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ও নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা এবং গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে যত্রতত্র পুলিশি হয়রানি বন্ধ করা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বারবার আমাদের দাবিগুলো নিয়ে শ্রম দপ্তরসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সদুত্তর পাইনি। যার কারণে সাধারণ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলনের সূচনা।

এ সময় বলা হয়, এই জেলার অন্য কোথাও জেলার বা জাতীয় ভিত্তিক কোনো সংগঠনের শাখা অফিস বা উপকমিটি থাকার বিধান নাই। এরপরও সরকারের শ্রম আইন উপেক্ষা করে জেলার হাকিমপুর উপজেলার স্থলবন্দরে, বিরামপুরের ঢাকা মোড় ও রেলগেট এলাকায়, নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার ও উপজেলা এলাকায়, পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিনশিলা খনি এলাকা, আমবাড়ী হাট এলাকা, বোচাগঞ্জ উপজেলা ও পুলহাট এলাকায় জাতীয় ভিত্তিক ট্রাক ও সংগঠনের শাখাসহ আরও অনেক প্রকার সংগঠন ও ট্রান্সপোর্টের নাম ব্যবহার করে ট্রাক চালানের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি করছে।

এই শিল্পের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের একস্থান থেকে অন্য স্থানে পণ্য পৌঁছে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। অথচ তাদের কোন নিরাপত্তা নাই। তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ও নতুন লাইনসে প্রদানের ক্ষেত্রে বিআরটিএ কার্যালয়ে প্রচুর হয়রানি হতে হয়।

সারা দেশের রাস্তায় রাস্তায় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইনসে যাচাইয়ের নামে পুলিশি হয়রানি হতে হয় যার কোন সুরাহা নাই।

সড়ক-মহাসড়কে সরকার কর্তৃক চাঁদাবাজি বন্ধ হলেও জেলার বিরল, বোচাগঞ্জসহ বিভিন্ন স্থানে পৌর টোলের নামে পুলিশের নাকের ডগায় ট্রাক-কাভার্ডভ্যান থেকে জোরপূর্বক চাঁদাবাজি চলছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আলতাফ হোসেন, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত