নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেল তোফা মনি (২) নামে এক শিশুর। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
তোফা মনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়া গ্রামের কৃষক নুরুজ্জামানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফা মনির মা সকালে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে তোফা খেলছিল। বাড়ির লোকজনের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তোফা মনির মা রান্নাঘর থেকে বের হয়ে উঠানে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে সকাল ৯টার দিকে তোফা মনিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তোফা মনিকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম পানিতে ডুবে তোফা মনির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
